লিটারে ৬৮ কিমি চলতে সক্ষম বিএস-৬ ইঞ্জিনের মোটরবাইক উন্মোচন

২০ নভেম্বর, ২০২৩ ০০:৫৬  

এগিয়ে যাও সময়ের আগে স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো বিএস-৬ ইঞ্জিনের বাইক নিয়ে এলো হোন্ডা। নীল, লাল, কালো এবং ধূসর রঙে দ্রুত ও শব্দহীন স্টার্ট নিশ্চিত করতে হোন্ডার ‘এসপি১২৫’ মোটরসাইকেলটি উন্মোচন করা হয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)। অনুষ্ঠানে বিএইচএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরো মাতসুজাকি এবং প্রধান বিপণন কর্মকর্তা শাহ মোহাম্মদ আশেকুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) মোটরসাইকেলটির সঙ্গে পরিচয় করিয়ে দেয় শনিবার দুপুরে। তাদের দাবি, ১ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের বাইকটি ১ লিটার তেলে চলবে ৬৮ কিলোমিটার।

হোন্ডা বাংলাদেশ জানিয়েছে, নতুন এই মোটরবাইকে সম্পূর্ণ ডিজিটাল মিটার, ইকো ইন্ডিকেটর, রিয়েল টাইম মাইলেজ, এভারেজ মাইলেজ, ডিসট্যান্স টু এম্পটি, সার্ভিস ডিউ ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটরসহ আধুনিক সুযোগ সুবিধা রয়েছে।

হোন্ডার সিবি সাইন এসপিতে চাকার সাইজ ছিল-ফ্রন্ট-৮০/১০০-১৮ এবং রিয়ার-৮০/১০০-১৮। তবে নতুন এসপি-১২৫ এ পেছনের চাকা কিছুটা চওড়া দেওয়া হয়েছে। এর সামনের চাকার সাইজ ৮০/১০০-১৮ এবং পেছনের চাকার সাইজ ১০০/৮০-১৮। সিবিএস ব্রেকিং সিস্টেমের সঙ্গে চাকা আরও চওড়া হওয়ায় বাইকটির ব্রেক হবে আরও স্মুথ। বাইকটিতে আরও রয়েছে সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ ফিচার, অর্থাৎ সাইড-স্ট্যান্ড নামানো অবস্থায় বাইকটি চালু করতে পারবেন না রাইডার। বিস্তৃত ফিচারের এই বাইকটি প্রতি লিটারে ৬৮ কিলোমিটার পর্যন্ত মাইলেজ সুবিধা দেবে বলে জানিয়েছে হোন্ডা।

বলা হচ্ছে, ক্রোম ফিনিশ মাফলার কভার এতে বাড়তি প্রিমিয়াম লুক যোগ করেছে। ফিউশন অব টেকনোলজি অ্যান্ড পারফর্ম্যান্স যুগের সাথে তাল মিলিয়ে চলতে প্রতিটি এসপি-১২৫ উন্নত প্রযুক্তি দ্বারা ডিজাইন ও নির্মাণ করা হয়েছে। গ্রাহকের চাহিদা পূরণে এই মোটরসাইকেলে রয়েছে সর্বাধুনিক সকল প্রযুক্তি।